Sakib Sourav

Writing

"সহপাঠী মোহাম্মদ ইলিয়াস" স্মৃতিচারণ মূলক প্রবন্ধ by Shariat Ullah

Published 2020-08-27

আমার বন্ধু ইলিয়াস, আমরা হাইস্কুল এবং কলেজে একত্রে পড়েছি। তার বাড়ি দাগনভূঞা উপজেলার নয়নপুর গ্রামে।সেবার হাট থেকে উত্তর দিকে প্রায় দুই আড়াই মাইল দূরে হবে, প্রতাপপুর হাই স্কুলের পাশে। সেখান থেকে সে হেঁটে সেবার হাট হয়ে রামনগর কে এম সি (র:) স্কুলে আসতো ক্লাস সিক্সে ভর্তি হওয়ার পর থেকেই প্রথম প্রথম। দূরত্বের কারণে কিছুদিন পর সে স্কুলের সোজা উত্তরে সেকান্দরপুর তার মামার বাড়ি তে এসে যায়,সেখান থেকেই আসা যাওয়া করে প্রতিদিন স্কুলে।এভাবে এস এস সি পরীক্ষা দেই আমরা,দেশ স্বাধীন হলে শর্ট সিলেবাসে ১৯৭২ সালে পরীক্ষা হয়।আমাদের এস এস সি পরীক্ষার কেন্দ্র ছিল ফেনী পাইলট হাই স্কুলের নিচ তলায়।সেবার হাট থেকে ফেনীর দূরত্ব ১২(বার) মাইল। এত দূরে আমাদের বাড়িতে থেকে ফেনীতে পরীক্ষা দিতে যাওয়া আসা করা ঠিক হবে না, চিন্তা করেই আমরা ফেনীর পশ্চিমে প্রায় ৬(ছয়) মাইল দূরে চিলোনিয়া বাজারের দক্ষিণ পাশের রাস্তার সাথে লাগোয়া প্রথম বাড়ি তার ফুফুদের, তার ফুফুর সেই বাড়িতেই পরীক্ষার সময় আমরা থাকি।উল্লেক্ষ্য,আমার ক্লাস ফাইভ এবং ক্লাস এইট বৃত্তি পরীক্ষার সময়ও ফেনী পাইলট স্কুলেই আমার সিট পড়ে।যাহোক, পরীক্ষা শেষে সবাই যার যার মত চলে গেলে ও দুইজনের যোগাযোগ ছিল প্রতিনিয়ত আমাদের মধ্যে।সে প্রতি শনিবার বা মঙ্গলবার সাপ্তাহিক বাজার করতে আসতো সেবার হাটে,প্রতি বাজারের দিন দেখা হত বাজারে দুইজনের। তা ছাড়া ইলিয়াছ আর আমার বাবা দুইজনই চট্টগ্রাম বন্দরে চাকরি করতেন একত্রে। ওনাদের চাকরির শুরু কিন্তু ইস্ট বেঙ্গল রেলে।কর্মস্থল ছিল আসাম দুইজনেরই,তখন রেল- বন্দর ছিল একত্রে, দেশ বিভাগের পর রেলবন্দর ভাগ হলে ওনারা দুইজনই অপশন দিয়ে বন্দরে যোগ দেন। সেই আসাম থেকেই ওনাদের জানাশুনা,পরিচয়, হৃদ্যতা।ওনারা দুইজনই নিয়মিত সাপ্তাহিক ছুটিতে বাড়ি আসতেন।ওনাদের ডিউটি ছিল শিফটিং,সাপ্তাহিক ছুটি পড়ত একেকজনের একেকদিন।আবার ইলিয়াসের বাবার মাঝে মাঝে বাড়ি আসা সম্ভব হত না।তখন তিনি বাড়ির আনুসঙ্গিক খরচের জন্য প্রয়োজন হলে আমার বাবার কাছে কিছু টাকা বা প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যাদি পাঠাতেন।ইলিয়াস ওইসব নিয়ে যাওয়ার জন্যও আমাদের বাড়িতে আসতো।আমার বাবা কিন্তু প্রতি সপ্তাহেই বাড়ি আসতেন পারিবারিক কাজ সমাধা করার জন্য। এস এস সি পরীক্ষার ফল খুবই তাড়াতাড়ি প্রকাশ হয়,দুইজন পরীক্ষায় পাস করি।আসছে ভর্তির পালা।আমার এক মামা(মায়ের মামাতো ভাই) চট্টগ্রাম স্টীল মিলে কর্মরত ছিলেন।উনি আর আমার বাবা এক সাথেই থাকতেন।যদিও ওনার বড়ো ভাই,ভাবীও চট্টগ্রামে থাকতেন।মামা কমার্স কলেজে ভূগোলের অধ্যাপক,মামী ছিলেন গাছবাড়িয়া কলেজের ভাইস প্রিন্সিপল।ওনারা থাকতেন কালুরঘাট এলাকায়। ওনাদের দুইজনের কলেজে যাওয়া আসার সুবিধার্থে ছোট মামা বাবার সাথে কর্মস্থলের কাছাকাছি থাকতেন। ওনার শ্বশুর কোম্পানীগঞ্জের বসুর হাট এলাকায় আলী ইমাম চৌধুরীর বড় ভাই। আলী ইমাম চৌধুরী এবং ওই এলাকার সংসদ সদস্য জনাব আবু নাসের চৌধুরী সহ প্রতিষ্ঠা করেন মুজিব মহাবিদ্যালয়।মামার ইচ্ছায় আমাকে মুজিব মহাবিদ্যালায়ে ভর্তি হতে হবে, বাবারও ইচ্ছা।শেষে সে সিদ্ধান্ত নিতে হয় আমাকেও,যদিও নতুন কলেজ। এদিকে ইলিয়াস ও আমার কারণে ওই একই কলেজেই ভর্তি হতে বাধ্য হয়।এখানে উল্লেখ্য, আমি যে কলেজে পড়বো,তার এবং তার বাবার ও ইচ্ছা একই কলেজে আমরা দুইজনই যেন পড়ি।তাই ইলিয়াস ও আমার সাথে ওই কলেজ ভর্তি হয়।আমাকে মামার কারনে ওনার চাচা শ্বশুর,কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আলী ইমাম চৌধুরীর বাসায় লজিং থাকতে হয়,যদিও আমি জীবনে কখনো কোথাও লজিং থাকি নাই,ওটাই আমার প্রথম।ইলিয়াসের জন্য আমার পাশেই একটা লজিং ঠিক করে দেওয়া হয় মামার সহযোগিতায়,দুইজন থাকি পাশাপাশি বাড়িতে। কিন্তু আমাদের লজিং এ বেশিদিন থাকা হয় নাই।লজিং করতে আমি অভ্যস্থ না থাকাই এর কারণ।আমি চলে আসলাম হোস্টেলে।ইলিয়াস ও লজিং ছেড়ে দিয়ে আমার সাথে হোস্টেলে একই রুমে উঠে আমি উঠার ৩ (তিন)দিন পরই।আমরা দুইজনই বিজ্ঞানের ছাত্র। আমি হোস্টেলে উঠার আগে আমাদের জীব বিজ্ঞানের স্যার জনাব মমিন উল্লাহ (এলাকার), ওনাকে বলে জীব বিজ্ঞান বিভাগের পিয়ন তাহেরকে রান্না করার জন্য ঠিক করি।দুই দিন পরই ইলিয়াস ও যোগ হয়, তখন আমাদের তিনজনের পাক একত্রে চলে।তাহেরও আমাদের খরচে চলে। উল্লেখ্য,ইলিয়াস আমাকে ছাড়া কোথায়ও যাওয়া আসা করত না।বাড়িতে যাওয়া আসা আমরা এক সাথেই করতাম।আমরা দুই জন বাড়ি যাওয়া আসা করতাম হেঁটে।কলেজ থেকে সেবার হাট,আমার বাড়ির দূরত্ব প্রায় ৩/৪ মাইল,সেবার হাট থেকে ইলিয়াসের বাড়ি আবার ২/৩ মাইল সে হেঁটে যেতে হত, তখন বর্তমানের মত যাতায়তের ব্যবস্থাও তেমন ছিল না,সে খুবই কষ্ট সহিষ্ণু, পরিশ্রমী। অন্য ঋতুতে যাহোক বরষায় আমার খুবই অসুবিধা হত,রাস্তা পিচ্ছিল থাকলে আমি ঠিকভাবে হাঁটতে পারতাম না, পিচ্ছিল হওয়ার কারণে স্লিপ করে পরে যাওয়ার অবস্থা হত।তার কথায় তার কাঁধে ভর দিয়ে হাটতে হত আমাকে। তাছাড়া, পথে কোথাও রাস্তা ভাঙ্গা থাকলে তো আমার আরো বিপদ,মুস্কিল,তখন পথে পথে রাস্তা ভাঙ্গা ছিল,পানি থাকতো। ভাঙ্গা রাস্তায় পানি ডিঙিয়ে আমার যেতে অসুবিধা/ মুস্কিল হত।কিন্তু আমার সেই মুশকিলের থেকে মুক্তি দেওয়ার লোক সহপাঠী ইলিয়াস তো আছেই। সে প্রয়োজনে আমাকে কোলে নিয়ে সেই ভাঙ্গা রাস্তা পানি ডিঙ্গিয়ে পার করতো অতি সাবধানে, অত্যন্ত ধৈর্য্য সহকারে।সত্যি তার ধৈর্য্যের প্রশংসা করতেই হয়।ধৈর্য্যের সাথে তার কষ্ট সহিষ্ণুতাও প্রশংসনীয়।পুরা কলেজ জীবন এভাবেই আমরা শেষ করি এবং কৃতকার্যতা লাভ করি। এইচ এস সি পরীক্ষার সেন্টার পরে চৌমুহনি মদন মোহন হাই স্কুলের নিচ তলায়। ওই সময় ইলিয়াস আমার বাড়িতে থেকেই এইচ এস সি পরীক্ষা দেয়। আমরা দুইজন পরীক্ষা দিতে যেতাম একত্রে।ইলিয়াসের গলার সুর ভালো ছিল। ভাটিয়ালি,পল্লীগীতি গান গাইত খুব সুন্দরভাবে সুর করে।কলেজ থেকে আসা যাওয়ার পথে রাত হয়ে গেলে গান ধরতো,ভালো লাগতো শুনতে। গান শুনতে শুনতেই মনে হয় তাড়াতাড়ি পথ শেষ হয়ে গেলো। যাহোক, এরপর সে চট্টগ্রাম চলে আসে,চট্টগ্রামে বিল্লা পাড়ায় সে একটা বেসরকারি প্রাইমারি স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়।আমি মেডিকেলে ভর্তির চেষ্টা করে বিফল হয়ে পরের বছর পুনঃ চেষ্টার উদ্দেশ্যে বাবার ইচ্ছায় চৌমুহনি কলেজে জীব বিজ্ঞান,রসায়ন,ম্যাথ নিয়ে বি এস সি তে ভর্তি হই ১৯৭৪ সালে। ওই বছর ৩১ ডিসেম্বরেই বাবার মৃত্যুর কারণে লেখাপড়ার ছেদ ঘটে।ঢুকে পড়ি ছাত্র পড়ানোর কাজে প্রথমে মাদ্রাসায়,এরপর,জুনিওর হাই স্কুল,এরপর একটি হাই স্কুলে,সেখান থেকে সর্বশেষ বাবার কর্মস্থল চট্টগ্রাম বন্দরে। বন্দরে কাজে যোগ দেওয়ার পর আবারো প্রতি নিয়ত সহপাঠী ইলিয়াসের সাথে দেখা করতে যেতাম তার কর্মস্থল বিল্লাপারা আবেদিয়া বেসরকারি প্রাইমারি স্কুলে,তার বাসায়।অনেক সময় কাটিয়েছি একত্রে অনেকদিন।তার বাসায় আমার ওয়াইফ সহ ও গিয়েছিলাম কয়েকবার, সেও এসেছে কয়েক বার আমার বাসায় ভাবীকে নিয়ে।আমাদের উপস্থিতিতে ভাবী ভারী খুশি হতেন। কিন্তু হঠাৎ অসুখের কারণে ইলিয়াস বাড়িতে এসে আর ফিরে আসতে পারেননি চট্টগ্রাম।এখন স্কুলটি সরকারি হয়,কিন্তু খুবই পরিতাপের বিষয়, ইলিয়াস সেই সুযোগ থেকে বঞ্চিত।অসুস্থ অবস্থায় এখন বাড়িতেই আছে। তার বড় ছেলেটা চাকরি করে।অন্য ছেলে মেয়েদের কথা জানি না। বড় মেয়ের চট্টগ্রাম থাকতেই বিয়ে হয়েছিল,জামাই সরকারি চাকরিজীবী। পিতৃ সূত্রে প্রাপ্ত জমিজমা ভালোই আছে ইলিয়াসদের। চাকরি করে,মোটামুটি অনেকটা সচ্ছল হলেও অসুস্থার কষ্টে ভুগছে। তার মেঝ ভাই গ্রামীণ ব্যাংকের বড় কর্মকর্তা,ছোট ভাই বাড়িতে থাকে।আমার বাড়িতে যাওয়া হয় না তেমন,তবে মাঝে মাঝে তার খবর পাই তার ছোট ভাইএর কাছ থেকে।বছর দুই আগে তার ভাই থেকে ফোন নম্বর নিয়েছি তার,কথা ও হয় ফোনে মাঝে মাঝে, খবরাখবর পাওয়া যায়। আমার ভালো লাগে,তারও। গতদিন ও কথা হয় ফোনে। তবে তার অসুস্থতার বিষয়টিই আমাকে খুব কষ্ট দেয় প্রতি মুহূর্ত।তার সুস্থতা কামনা করছি।সবাই করোনা থেকে মুক্ত হোক,পৃথিবী আগের অবস্থায় ফিরে আসুক এই কামনা করছি।